প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2026, 10:34 AM
ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী
মো. আনোয়ারুল ইসলাম।।
একই গ্রামে একের পর এক সাপের সন্ধান মিলছে। কিছুদিন আগে সাপের কামড়ে প্রাণ হারিয়েছে এক কিশোরী। এর মধ্যে এবার একটি বাড়ির বিভিন্ন স্থান থেকে দুটি বড় পদ্ম গোখরা ও অন্তত ৫০টি বাচ্চা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে। শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আজিজ মিয়ার বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। রাজু কবিরাজ নামের এক সাপুড়ে বাড়িটির রান্নাঘর, বসতঘর, মুরগির খোঁয়াড় ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে সাপগুলো উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বাড়ির আশপাশে সাপের সাত থেকে আটটি বাচ্চা দেখতে পান তাঁরা। আতঙ্কে সেগুলো পিটিয়ে মেরে ফেলেন। এরপর বাড়ির ভেতরে আরও সাপ থাকতে পারে, এমন আশঙ্কা থেকে খবর দেওয়া হয় সাপুড়ে রাজু কবিরাজকে।
পরে বৃহস্পতিবার সকালে তিনি বাড়িটিতে তল্লাশি চালান। এ সময় রান্নাঘরে রাখা লাকড়ি ও পরিত্যক্ত জিনিসপত্রের স্তূপ, মুরগির খোঁয়াড়ের নিচে, ঘরে জমিয়ে রাখা পুরোনো বই ও বস্তার নিচে সাপের সন্ধান পাওয়া যায়। এ ছাড়া বাড়ির বিভিন্ন বসতঘর ও আশপাশ থেকেও সাপ উদ্ধার করা হয়। দুটি বড় পদ্ম গোখরার পাশাপাশি অন্তত ৫০টি বাচ্চা উদ্ধার করেন তিনি। পরে সাপগুলো নিজের সঙ্গে নিয়ে যান বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এক বাড়িতে এতগুলো সাপের উপস্থিতি এবং এর আগে একই গ্রামে সাপের কামড়ে কিশোরীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। শুধু আজিজ মিয়ার পরিবার নয়, আশপাশের বাড়ির বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা সোহেল খান চৌধুরী বলেন, একটি বাড়ি থেকে এতগুলো সাপের বাচ্চা উদ্ধারের পর সবাই ভয়ে আছেন। কখন কার বাড়িতে সাপ পাওয়া যায়, সেই দুশ্চিন্তায় দিন কাটছে। কিছুদিন আগেও গ্রামের অন্য একটি বাড়ির পুকুরপাড় থেকে অনেক সাপের বাচ্চা পাওয়া যায় এবং সেগুলো মেরে ফেলা হয়। এর আগে সাপের কামড়ে গ্রামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।
আরেক বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে গ্রামে বেশ কয়েকবার সাপের সন্ধান পাওয়া গেছে। এক মাসও হয়নি, সাপের কামড়ে একটি মেয়ে মারা গেছে। এ অবস্থায় সবাই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর ধান্যদৌল গ্রামের মাউদ আলীর বাড়িতে সাপের কামড়ে মাহমুদা (১৪) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই গ্রামজুড়ে সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কয়েক দিন পর, ২১ ও ২২ অক্টোবর একই গ্রামের আনু মিয়ার বাড়ির বাঁশঝাড়সংলগ্ন পুকুরপাড়ে একটি বড় সাপসহ ২১টি পদ্ম গোখরার বাচ্চা দেখতে পান স্থানীয় লোকজন। পরে সেগুলো পিটিয়ে মারা হয়।
পরপর এসব ঘটনায় গ্রামবাসীর মধ্যে সাপের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বাড়ির আশপাশে ও বসতঘরে সাপের সন্ধান পাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত পরিবারগুলো।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল বলেন, সাপ সাধারণত নিরিবিলি, নিরাপদ ও আড়ালযুক্ত জায়গায় আশ্রয় নেয়। বাড়ির আশপাশে লাকড়ির স্তূপ, ঝোপঝাড়, পরিত্যক্ত জিনিসপত্র কিংবা ইঁদুরের গর্ত থাকলে সেখানে সাপের থাকার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, সাপের ঝুঁকি কমাতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারতে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে। বিশেষ করে রাতে চলাফেরা এবং বাড়ির আশপাশে শিশুদের খেলাধুলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...