প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2025, 10:31 AM
ইংরেজিতে চরম ভরাডুবি কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়ের মূল কারণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। এ বছর বোর্ডে ফলাফল ভরাডুবি হয়েছে ইংরেজির কারণে। শুধু ইংরেজি বিষয়েই ৪৫ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। এছাড়া উচ্চতর গনিতেও বিপুল শিক্ষার্থী ফেল করেছে।
এ বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৭৪৯, ছেলেরা জিপিএ- ৫ পেয়েছে ৯৫৮ জন।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। এমন বিপর্যয়ের বিষয়ে বোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, ‘অন্যান্য সময়ে কেন্দ্রের সংখ্যা অনেক বেশি থাকতো। এবার ১৬২টি কেন্দ্র বাতিল করা হয়েছে। কেন্দ্রের কারণে অনেক শিক্ষার্থী সুবিধা পেত, এবার সে সুযোগ ছিল না। এছাড়া ইংরেজিতে পাসের হার মাত্র ৬৫ দশমিক ২৮ শতাংশ, উচ্চতর গণিতেও ফল খারাপ। ইংরেজিতে ফেলের হার বেড়ে যাওয়ায় সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।’
এদিকে, কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবচেয়ে কম পাসের হার নোয়াখালী জেলায়, মাত্র ৪০ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে ভালো ফল করেছে কুমিল্লা জেলা, পাসের হার ৫২ দশমিক ১৫ শতাংশ।
সকালে ফল হাতে পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী রায়হান বলেন, ‘ইংরেজি পরীক্ষায় প্রশ্ন কঠিন ছিল, বিশেষ করে রিডিং অংশটা। আমরা অনেক চেষ্টা করেও ভালো লিখতে পারিনি। সেখানেই আমাদের অনেকের ফল খারাপ হয়েছে।’ মেয়েদের ফল তুলনামূলক ভালো হলেও, অনেকেই প্রত্যাশিত গ্রেড না পেয়ে হতাশ। কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া হোসাইন বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়েছিলাম আগের মতো প্রশ্ন আসবে ভেবে। কিন্তু ইংরেজি ও গণিত দুইটাই ছিল নতুন ধাঁচের।’
তবে শিক্ষকরা বলছেন, বোর্ড এবার একটু কঠোর হয়েছে, একইসঙ্গে প্রশ্নপত্র এবং মানবণ্টনের ক্ষেত্রেও। এছাড়াও পরীক্ষার হলে কোনো অসদুপায়কে ছাড় দেয়া হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক কাজী শরিফুল ইসলাম বলেন, " অনলাইন ও অনিয়মিত ক্লাসের কারণে শিক্ষার্থীদের বেসিক দুর্বল হয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে শিক্ষাথীরা কলেজে ক্লাসের চেয়ে কোচিং সেন্টারে মনোযোগী হচ্ছে। আবার তারা সেলফ স্টাডিও কম করছে। উচ্চতর গণিতে প্রশ্নের ধরনে পরিবর্তন আনা হয়েছে। অনেক শিক্ষার্থী পুরোনো স্টাইলে প্রস্তুতি নিয়েছিল। এতে প্রভাব পড়েছে ফলে।"
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভুঁইয়া বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় কিছু কেন্দ্র বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা পরিচিত পরিবেশে পরীক্ষা দিতে পারেনি। দূরের কেন্দ্রে যেতে গিয়ে অনেকেই মানসিক চাপে পড়েছে। তবে এবারের ফলাফলকে বিপর্যয় বলা যাবে না এটাই শিক্ষার্থীদের জন্য প্রকৃত ফলাফল।’
তিনি বলেন, ‘যারাই পড়ালেখার প্রতি মনোযোগী ছিল ওই সব শিক্ষার্থী ভালো করেছে। এমন দিনেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে দেখিয়ে দিয়েছে। কারণ তারা নিয়মিত পাঠদানে মনোযোগী ছিল।’
কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, ‘দিন শেষে এবারের ফলাফল হঠাৎ এভাবে কমে যাওয়া উদ্বেগজনক। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং শিক্ষকদের নিয়ে আলোচনায় বসবো, কারণগুলো শুনবো। কিভাবে ভবিষ্যতে স্ব-স্ব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হবে।’
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন ৫টি প্রতিষ্ঠান থেকে। ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দেন। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিলেন ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৫২ জন। পাশ করেন ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করেন ৩০ হাজার ৭০১, আর ছেলে পরীক্ষার্থী পাশ করে ১৭ হাজার ৯৫৬ জন। মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের পাশ ৪২ দশমিক ৭০ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮ এবং মানবিক শাখায় পাসের হার ৪৩ দশমিক ৯০।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে ঢাকা শিক্ষাবোর্ড, আর পিছিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড। ঢাকা শিক্ষাবোর্ডে এ বছরের পাসের হার ৬৪ দশমিক ৬২। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬। ছাড়াও রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০ , চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে টানা ৩ দিনের তীব্র সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
এফএনএস বিদেশ : বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে; প্রত...
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলান...
এফএনএস বিদেশ : ইসরাইলকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে আসন জিততে ব্যর্থ...
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...