প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2026, 10:57 AM
ব্রাহ্মণপাড়ায় উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঁচাবাজার বসানোর উদ্যোগ, ক্ষোভ শিক্ষার্থীদের
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আবারও কাঁচাবাজার স্থায়ীভাবে বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে ব্রাহ্মণপাড়া সদর বাজারের সরকারি মার্কেট নির্মাণকাজের অজুহাতে সাময়িকভাবে ছয় মাসের জন্য কাঁচাবাজারটি বিদ্যালয়ের মাঠে স্থানান্তর করা হয়। তবে নির্ধারিত সময় শেষে বাজার সরিয়ে নেওয়া হয়নি। বিভিন্ন অজুহাতে প্রায় চার বছর ধরে মাঠটি দখল করে রাখা হয়।
এ সময় বিদ্যালয়ের খেলার মাঠে ছোট-বড় অন্তত ৬২টি দোকান বসানো হয়। বাজার ইজারা দেওয়া হলেও মাঠে বসানো এসব দোকান থেকে প্রতি শনিবার ও বুধবার সপ্তাহে দুই দিন ৩০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে। তবে ওই অর্থের কোনো অংশ বিদ্যালয় তহবিলে জমা হয়নি বলে জানা গেছে।
অবশেষে ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু সম্প্রতি আবারও মাঠের একটি অংশে কাঁচাবাজার বসানোর উদ্যোগ নেওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে অস্থায়ী দোকান নির্মাণের কাজ শুরু হয়েছে বলে সরেজমিনে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বাজারের অস্থায়ী ব্যবসায়ীরা মাঠে বসার বিষয়ে প্রশাসনের কাছে এসেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরুৎসাহিত করা হয়েছিল। পরে তারা স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করলে মানবিক দিক বিবেচনায় মাঠের এক পাশে কিছুদিনের জন্য অস্থায়ীভাবে বসার পরামর্শ দেওয়া হয়।”
তবে মাঠে বাজার বসানোর বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এটি একমাত্র বড় খেলার মাঠ। ছয় মাসের কথা বলে মাঠটি চার বছর দখলে রাখা হয়েছিল। এখন আবার ‘সাময়িক’ ব্যবস্থার নামে কতদিন মাঠ দখলে থাকবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা স্পষ্টভাবে জানান, বিদ্যালয়ের মাঠে কোনো দোকান বসতে দেওয়া হবে না।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, ইউএনও মাহমুদা জাহান মাঠে দোকান বসানোর বিরোধিতা করেছেন এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। মাঠে অনধিকার প্রবেশ ঠেকাতে এরই মধ্যে মাঠের গেটে তালা লাগানো হয়েছে এবং চাবি নিরাপত্তার স্বার্থে ইউএনওর কাছে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের মাঠ ও অন্যান্য সম্পদ রক্ষায় তারা সবসময় সোচ্চার থাকবেন। তাদের দাবি, শিক্ষা ও খেলাধুলার স্বার্থে মাঠটি স্থায়ীভাবে দখলমুক্ত রেখে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, সরকার যখন সারা দেশে খেলাধুলার মাঠ সংরক্ষণ ও দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে, তখন ব্রাহ্মণপাড়া সদর এলাকার একমাত্র বড় খেলার মাঠে আবারও বাজার বসানোর চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্...
নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল...
ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শু...
অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
দেশে এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসং...
যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনা...
কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম...
বিশেষ প্রতিনিধিকুমিল্লায় আকস্মিক ও অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। বিশেষ করে ইলিশ ও...
আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের...
মায়ামি স্টেডিয়ামে গোলটি করার পর বিশ্বাসই করতে পারছিলেন না সিডনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার জালে বল জ...