প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Sep 2026, 8:53 PM
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
এফএনএস স্পোর্টস:
ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন রিয়াল মাদ্রিদের এই লোনে থাকা তরুণ। ১৯ বছর ২৮ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন এখন মাস্তানতুয়োনো।
গত শুক্রবার ভেনেজিয়ার মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ফিওরেন্তিনার পক্ষে ছিল না। ২২ মিনিটে আকোর অ্যাডামস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। গোলটির আগে আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন মিডফিল্ডার জিয়ানলুকা বুসিও।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নেন মাস্তানতুয়োনো। আধঘণ্টার কাছাকাছি সময়ে মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন তিনি। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে তৃতীয় গোলটি করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে শুধু মেসির রেকর্ডই ভাঙেননি মাস্তানতুয়োনো, ফিওরেন্তিনার হয়েও গড়েছেন নতুন কীর্তি। এক ম্যাচে একাধিক গোল করা ক্লাবটির সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার পর এবার একই ম্যাচে তিন গোলের কীর্তিও যোগ হলো তার নামের পাশে।
মেসি তার প্রথম বার্সেলোনা হ্যাটট্রিক করেছিলেন ২০০৭ সালের মার্চে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই সময় আর্জেন্টাইন তারকার বয়স ছিল মাস্তানতুয়োনোর চেয়ে ২৩১ দিন বেশি। ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন হিসেবে এখন নতুন রেকর্ডটি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
মাস্তানতুয়োনোর জন্য পারফরম্যান্সটি আরও তাৎপর্যপূর্ণ। রিভার প্লেটের হয়ে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র ফুটবলে অভিষেক করা এই খেলোয়াড়কে বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালের গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেইকে পেছনে ফেলে তাকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। ছয় বছরের চুক্তিও করে স্প্যানিশ জায়ান্টরা। একই মাসে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক করে দেশের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়েন তিনি।
তবে রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমটা প্রত্যাশামতো কাটেনি মাস্তানতুয়োনোর। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৩৫ ম্যাচে মাত্র তিন গোল করেছিলেন তিনি। ফিওরেন্তিনায় যোগ দেওয়ার পর অবশ্য দ্রুতই বদলে যাচ্ছে চিত্র। ইতালিয়ান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচেই তিন গোল করে ফেলেছেন তিনি।
ইউরোপে প্রথম মৌসুমের কঠিন অভিজ্ঞতার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তার। ফিওরেন্তিনায় মৌসুমজুড়ে লোনে খেলার সুযোগ তাই মাস্তানতুয়োনোর জন্য নিজেকে নতুন করে প্রমাণ করার বড় মঞ্চ হয়ে উঠেছে।
ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক সেই পথচলায় বড় আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে হচ্ছে। ফিওরেন্তিনা এই জয়ের মাধ্যমে নতুন সিরি আ মৌসুমে প্রথম পয়েন্ট পেয়েছে এবং লিগ টেবিলে উঠে এসেছে ১৫তম স্থানে। সামনে এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে আর্জেন্টিনা জাতীয় দলের দরজাও আবার খুলে যেতে পারে মাস্তানতুয়োনোর জন্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক
এফএনএস বিদেশ : নেপালের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে ভয়বহ বন্যার কবলে পড়ে টানা নয় দিন অন্ধকারে আট...