প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2026, 9:01 AM
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলম
কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীরবে দাঁড়িয়ে আছে রহস্যঘেরা এক প্রাচীন মসজিদ। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘নটীর মসজিদ’ নামে। সময়ের পরিক্রমায় একসময়কার এই ঐতিহাসিক স্থাপনাটি এখন বিশাল বটগাছের শিকড়ে আংশিকভাবে ঝুলে আছে। ঝোপঝাড়, প্রাকৃতিক ক্ষয় ও অবহেলায় মসজিদটির অস্তিত্বই এখন হুমকির মুখে।
প্রাচীন এ স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়ে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শিক্ষানুরাগী ও ব্রাহ্মণপাড়ার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের শাসনামলে (১৭১৪-১৭৩৪ খ্রিস্টাব্দ) নূর জাহান নামে এক নারী এই মসজিদটি নির্মাণ করেন। প্রচলিত রয়েছে, নূর জাহান একসময় ত্রিপুরা রাজদরবারের খ্যাতিমান নর্তকী বা বাইজি ছিলেন।
লোককথা অনুযায়ী, মাঝিগাছা গ্রামের তিন বোন—নূর জাহান, মোগরজান ও ফুলজানের মধ্যে নূর জাহান একসময় সাপের কামড়ে আক্রান্ত হন। পরে তাকে ভেলায় করে গোমতী নদীতে ভাসিয়ে দেওয়া হয়। রাজদরবারের লোকজন তাকে উদ্ধার করে সুস্থ করে তোলেন। এরপর তিনি রাজদরবারে নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।
দীর্ঘদিন রাজদরবারে থাকার পর নূর জাহান নিজ গ্রামে ফিরে আসেন। সেখানে তিনি বিপুল সম্পদ ও জমির মালিক হন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের প্রচলিত কাহিনি অনুযায়ী, অতীত জীবনের জন্য অনুশোচনায় নূর জাহান পাপমোচনের আশায় নিজ অর্থায়নে মসজিদটি নির্মাণ করেন। তবে প্রথম জামাতে নামাজ আদায়ের দিন তার অতীত পরিচয় প্রকাশ্যে এলে গ্রামবাসীরা ওই মসজিদে নামাজ পড়তে অস্বীকৃতি জানান।
এরপর থেকেই মসজিদটি ‘নটীর মসজিদ’ নামে পরিচিতি পায় বলে স্থানীয়দের ভাষ্য। এমনকি জনশ্রুতি রয়েছে, মসজিদটিতে কখনো আজান দেওয়া হয়নি এবং কোনো দিন নামাজও আদায় হয়নি। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল এখনো পাওয়া যায়নি।
বর্তমানে মসজিদটি ঝোপঝাড়ে ঘেরা। বিশাল বটগাছের শিকড় মসজিদের দেয়াল ও স্থাপনার বিভিন্ন অংশকে আচ্ছাদিত করে ফেলেছে। ফলে প্রাচীন স্থাপনাটি ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নূর জাহানের সম্পত্তি হিসেবে পরিচিত কিছু জায়গাও দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করা হয়েছে।
চুন-সুরকি ও ইট দিয়ে নির্মিত আয়তাকার এ মসজিদে মুঘল স্থাপত্যশৈলীর ছাপ রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৬ দশমিক ৪ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ১ মিটার। পশ্চিম দেয়ালের মেহরাবে এখনো নান্দনিক অলংকরণের কিছু নিদর্শন টিকে আছে, যা স্থাপনাটির প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে।
মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, “এই মসজিদটির প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে। বর্তমানে এটি ধ্বংসের মুখে। যথাযথ সংস্কার ও সংরক্ষণ করা হলে এটি কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তার স্যারের নিকট আবেদন করেছি।”
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা জানান, প্রাচীন স্থাপনাটি সংরক্ষণের বিষয়টি জেলা প্রশাসক ও অধিদপ্তরের মহাপরিচালককে অবগত করা হয়েছে। স্থাপনাটি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, স্থাপনাটি সংরক্ষণের বিষয়ে মোশাররফ হোসেন খান চৌধুরীও নিয়মিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, ইতিহাস, লোককথা ও প্রাচীন স্থাপত্যের অনন্য সাক্ষী এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি কুমিল্লার স্থানীয় ইতিহাস ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। দ্রুত প্রত্নতাত্ত্বিক জরিপ, গবেষণা, দখলমুক্তকরণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে কালের সাক্ষী এই প্রাচীন স্থাপনাটি চিরতরে হারিয়ে যেতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...
বন উজাড়ের মাশুল! ব্রাহ্মণপাড়ার গ্রামে গ্রামে বানরের উৎপাত
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি বন্য বানরের উৎপাত আশঙ্কাজনকভ...