প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:20 AM
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা
মাহফুজ নান্টু
কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। শেফালী আক্তার দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে।
মামলার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন জানান, বাংলাদেশ দণ্ডবিধির ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু’ সংক্রান্ত ৩০৪ (ক) ধারায় মামলাটি করা হয়েছে। মামলার বাদী নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার, যিনি নিজেও ওই বাসে ছিলেন।
অফিসার ইনচার্জ জসীম উদ্দিন আরও জানান, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ করতে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে আসেন। সেখান থেকে ঈদের দিন কুমিল্লার লাকসামে খালার বাড়িতে বেড়াতে আসার পথে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনায় তিনি নিহত হন। একই ঘটনায় আহত তার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ঈদের দিন ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হন। এছাড়াও অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হন।
এ ঘটনায় পদুয়ার বাজার এলাকায় দায়িত্বে থাকা রেলের দুই গেইটম্যান হেলাল ও মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় লেভেল ক্রসিংয়ের গেট নির্ধারিত সময়ে বন্ধ করতে পারেননি দায়িত্বরত গেইটম্যানরা। আর এতেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।
এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২ জনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাদা কাফনে মোড়ানো মরদেহগুলো অশ্রুসিক্ত নয়নে গ্রহণ করে অ্যাম্বুলেন্সে করে বাড়ির পথে রওনা দেন স্বজনরা। শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহতরা হলেন— নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লাহর ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), সুধারাম থানার মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), চাঁদপুরের কচুয়া উপজেলার মোমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮), লক্ষ্মীপুর সদর উপজেলার মো. সিরাজুল দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিন্টুর মেয়ে লাইজু আক্তার (২৬), খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪), সদর উপজেলার মো. মোকতার বিশ্বাসের ছেলে মো. জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর উপজেলার ওহাব শেখের ছেলে ফসিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছা উপজেলার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫)।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
রেল কর্তৃপক্ষও নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও আশ্বাস দেন তিনি।
রোববার দুপুরে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত ১৫ জন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
মোহাম্মদ সালাহর মিশর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হ...
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
বেলজিয়াম ৫-১ নিউজিল্যান্ডবিশ্বকাপে জয়ের স্বাদ কেমন, তা প্রায় ভুলতে বসেছিল বেলজিয়াম। এর চেয়েও বড় শঙ্ক...
পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের মরদেহ শুক্রবার রাতে কুমিল্লার হোমনা উপজ...
বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর...
ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্...
ভেনিজুয়েলার শহরগুলোতে পরপর দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জন এবং হাজারো মানুষ আহত...
ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও তবে বর্ষা মৌসুমে বাতাসের মান...