এই বার্তাটি তিনি তার দেশের বিনিয়োগকারীদের কাছে পৌঁছাবেন বলে জানিয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর।
বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সার্জিও গর উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ওপর মার্কিন সরকারের পূর্ণ আস্থা রয়েছে। তার নেতৃত্বেই বাংলাদেশে আবার স্থিতিশীলতা ফিরে এসেছে।
এই আস্থারই নিদর্শনস্বরূপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে তাদের বিদ্যমান ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করেছে। গর আরো জানান, এই পদক্ষেপটি মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি জোরাল বার্তা পৌঁছাবে যে বাংলাদেশ এখন নতুন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত।
দ্বিপক্ষীয় এই বৈঠকে রোহিঙ্গাসংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় আগের দিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বিশেষ দূত বলেন, লাখ লাখ আশ্রয়হীন রোহিঙ্গাকে মানবিক সহায়তা প্রদান ও আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের অবদান প্রশংসনীয়।