প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 22 Oct 2026, 9:23 AM
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার
১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এমন নানা সংকটের মধ্য দিয়ে চলছে কুমিল্লা টাউন কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি (কেটিসিসি এ লিমিটেড)। প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করে সচল ও স্বনির্ভর করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান পরিচালনা কমিটি। এরই অংশ হিসেবে আনসার বাহিনীকে পাঁচ বছরের জন্য একটি প্রকল্প দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মাছ চাষ, গবাদিপশু পালন, ব্লক-বাটিক, ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মমুখী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কেটিসিসি এ লিমিটেডের প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সিরাজ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৮ আগস্ট কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া দায়িত্ব গ্রহণ করেন তিনি ও নির্বাচিত সাত সদস্যসহ মোট আটজন। দায়িত্ব নেওয়ার দিনই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে তাঁরা এর বেহাল চিত্র দেখতে পান। বিভিন্ন স্থানে জঙ্গল ও অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল। প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশও ছিল না।
শাহজাহান সিরাজ বলেন, “দায়িত্ব নেওয়ার পর আমরা বুঝতে পারি, এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। তাই পরদিন ১৯ আগস্ট পরিচালনা কমিটির সদস্যরা বৈঠকে বসে কেটিসিসিকে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা কাজ শুরু করেছি।”
কেটিসিসির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, আনসার বাহিনীকে পাঁচ বছরের জন্য একটি প্রকল্প দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাছ চাষ, গবাদিপশু পালন, ব্লক-বাটিক, ড্রাইভিং ও কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগ প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।
চেয়ারম্যানের দাবি, কেটিসিসির প্রায় ২০ কোটি টাকার সম্পদ রয়েছে। অথচ প্রতিষ্ঠানটিকে ১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা বহন করতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সম্পত্তি দখল, বকেয়া ভাড়া এবং সম্পদের যথাযথ ব্যবস্থাপনা না থাকার বিষয়গুলোও সামনে এসেছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানের সম্পদ রয়েছে, কিন্তু সেগুলো থেকে কাঙ্ক্ষিত আয় আসছে না। দীর্ঘদিনের বকেয়া আদায়, সম্পত্তি উদ্ধার এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে কেটিসিসিকে আবারও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
বেদখল সম্পত্তি উদ্ধারে দায়িত্ব পেলেন অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু ; প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধারে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে শাহজাহান সিরাজ বলেন, কেটিসিসির যেসব সম্পত্তি অবৈধভাবে দখল হয়ে আছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো উদ্ধারে পরিচালনা কমিটি পদক্ষেপ নিচ্ছে। গত ১৯ আগস্টের সভায় সর্বসম্মতিক্রমে কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কুকে এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের সম্পত্তি দখল, লুটপাট ও ক্ষয়ক্ষতির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ উদ্ধারের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
কেটিসিসির বিভিন্ন দোকান ও সম্পত্তির ভাড়া বকেয়া থাকার বিষয়টি তুলে ধরে চেয়ারম্যান বলেন, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় পরপর দোকান ভাড়ার চুক্তি নবায়ন করতে হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কিন্তু দায়িত্ব নেওয়ার পর তাঁরা অনেক ক্ষেত্রে নিয়মিত চুক্তি নবায়ন ও বকেয়া পরিশোধের বিষয়ে অসংগতি দেখতে পেয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সংশ্লিষ্টদের বকেয়া পরিশোধ ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে নোটিশ দেওয়া হচ্ছে। এরপরও কেউ নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসহযোগিতার মুখে পড়ার অভিযোগও করেন শাহজাহান সিরাজ। তাঁর দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে কেটিসিসির কিছু কর্মকর্তা-কর্মচারীর অসহযোগিতার কারণে বিভিন্ন কাজে বাধার সম্মুখীন হচ্ছেন তাঁরা।
চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।
তিনি আরও বলেন, কুমিল্লায় সমবায়ের মাধ্যমে আখতার হামিদ খান কেটিসিসি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তাঁর উদ্যোগে বার্ড প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে দেশের অন্যতম পরিচিত উন্নয়ন ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
কেটিসিসির বর্তমান সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে পুনরায় কার্যকর ও স্বনির্ভর করে তোলাই নতুন পরিচালনা কমিটির লক্ষ্য বলে জানান শাহজাহান সিরাজ। তাঁর প্রত্যাশা, সম্পদ উদ্ধার, বকেয়া আদায়, নতুন প্রকল্প বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে কেটিসিসি আবারও ঘুরে দাঁড়াবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...
ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আট...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জের...