কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃ
কুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের অ্যালাইনমেন্ট এবং ড. আখতার হামিদ খান (এএইচকে) স্যাটেলাইট সিটি বাস্তবায়নের ধারণাপত্র নিয়ে ভিজুয়াল উপস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। কুমিল্লার গণমানুষের নেতা, প্রবীণ রাজনীতিবিদ ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরীর স্বপ্নের পরিকল্পিত নগরী প্রতিষ্ঠা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণ এবং কোটবাড়িতে এএইচকে স্যাটেলাইট সিটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের উপস্থিতিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।
সেমিনারে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রকৌশলীরা ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়কের প্রস্তাবিত অ্যালাইনমেন্ট এবং কোটবাড়ি এলাকায় এএইচকে স্যাটেলাইট সিটি বাস্তবায়নের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও করণীয় তুলে ধরেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন এর উদ্যোক্তা ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী। তিনি কুমিল্লা নগরীর বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণ এবং পল্লী উন্নয়নের জনক ড. আখতার হামিদ খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কোটবাড়ি এলাকায় এএইচকে স্যাটেলাইট সিটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেন, “পরিকল্পনাহীন কোনো উন্নয়ন জনসাধারণের প্রকৃত উপকারে আসে না।” তিনি স্থানীয় জনগণের চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়কের প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং আর্থসামাজিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে কুমিল্লায় এএইচকে স্যাটেলাইট সিটি বাস্তবায়নের উদ্যোগ দেশের সামগ্রিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
সেমিনারে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক।
সেমিনার সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আমিরুজ্জামান, মহানগর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল হক ভূঁইয়া এবং বিএনপি নেতা মেহেদী সোহেল মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওয়াশিউর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা তারেক, ইকবাল সানি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দার, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা ও সমন্বয়ক) মাকসুদ হাশেম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার এবং কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া।
এ ছাড়া কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’-এর জেলা, আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সেমিনারে উপস্থিত ছিলেন।