প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Aug 2026, 8:15 PM
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস:
রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোল করে আল নাসরকে ২-১ গোলে জেতানোর পাশাপাশি সৌদি প্রো লিগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা| ক্যারিয়ারের ৯৭৮তম গোল করা রোনালদো এখন ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২২ গোল দূরে| গত শুক্রবার আল-আওয়াল পার্কে ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের পক্ষে ছিল না| ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে এগিয়ে যায় আল তাওউন| প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কস্তা গোল করে আল নাসরকে সমতায় ফেরান| বিরতির পর দ্রুতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনালদো| ৫০তম মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি| বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢোকেন জোয়াও ফেলিক্স| তার কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান| বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শট ছয় গজ বক্সের ভেতর পা ছুঁইয়ে জালে পাঠান রোনালদো| এই গোলেই সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ১০৪-এ| ১১০ ম্যাচে ১০৪ গোল করে তিনি ছাড়িয়ে যান মোহাম্মদ আল সাহলাওয়িকে| ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি| রেকর্ডটি নিজের করে নেওয়ার পর উচ্ছ্বসিত রোনালদো কৃতিত্ব দিয়েছেন সতীর্থ ও সমর্থকদেরও| তিনি বলেন, ‘আমি খুব, খুব খুশি| এটি একটি দারুণ অর্জন| তবে এটি কেবল আমার একার অর্জন নয়|’ সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাকে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে| কারণ তাদের ছাড়া এটি সম্ভব হতো না| আমি ভক্তদের জন্যও খুব খুশি| তারা আমাকে সব সময় সমর্থন দিয়ে যান|’ গোল করার পর অবশ্য রোনালদোর উদযাপনেও ছিল ভিন্নতা| নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপন না করে তিনি বদলি খেলোয়াড়দের বেঞ্চে গিয়ে পানি পান করতে শুরু করেন| তখন সতীর্থ সাদিও মানে তাকে মনে করিয়ে দেন যে গোল করেও তিনি ‘সিউ’ উদযাপন করতে ভুলে গেছেন| মানের কথা শুনে মাঠের দিকে ছুটে গিয়ে পরে নিজের পরিচিত উদযাপনটি করেন রোনালদো| চলতি সৌদি প্রো লিগে তিন ম্যাচে রোনালদোর গোল এখন দুটি| আল তাওউনের বিপক্ষে গোলটি তার ক্যারিয়ারের ৯৭৮তম| ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন আর ২২ গোল| ৪১ বছর বয়সেও রোনালদোর গোলের ধারাবাহিকতা থামেনি| আল নাসরও মৌসুমের শুরুটা করেছে দারুণভাবে| চার ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দলটি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
এফএনএস বিদেশ : নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে...