প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 7 Sep 2026, 12:12 AM
একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল। প্রতিযোগিতার প্রায় প্রতিটি বিভাগেই চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন ইভেন্টে ওশান হাইস্কুলের সাফল্যের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
জানা গেছে, এবারের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা হ্যান্ডবল (বালক), কাবাডি (বালক), দাবা (বালক-বড়), দাবা (বালিকা-বড়), দাবা (বালিকা-মধ্যম) এবং সাঁতার (বালক-বড়) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি কয়েকটি ইভেন্টে রানারআপ হওয়ার সাফল্যও অর্জন করেছে বিদ্যালয়টি।
বিশেষ করে হ্যান্ডবল ও কাবাডিতে বিদ্যালয়টির বালক দল এবং দাবা ও সাঁতারে শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য প্রশংসা কুড়িয়েছে। এ নিয়ে টানা কয়েক বছর ধরে উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখে আসছে।
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়টির স্পোর্টস ক্লাবের কার্যক্রমও শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।
এবারের প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, মেন্টর, কোচ, হ্যান্ডবল ও কাবাডি দলের সদস্য এবং ওশান হাইস্কুল স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা পর্যায়ে সাফল্যের পর বিজয়ী শিক্ষার্থীরা এখন জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিনিধিত্ব করবে। জেলা পর্যায়েও নিজেদের সেরাটা দিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় দক্ষ করে গড়ে তুলতে আমরা নিয়মিত উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছি। এবারের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জনের পেছনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, মেন্টর ও কোচদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। জেলা পর্যায়েও আমাদের শিক্ষার্থীরা ভালো করবে—এটাই প্রত্যাশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এ অর্জনের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। জেলা পর্যায়েও তারা ভালো ফলাফল করবে বলে আমি আশাবাদী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা ও শুভকামনা থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...