প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2026, 9:04 AM
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তার
কুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত ছয় ঘণ্টার এ অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিরাও রয়েছেন। নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় আটক ৩৭ জনের মধ্যে চারজনকে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) গ্রুপটির ‘সেকেন্ড-ইন-কমান্ড’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান ওরফে আনিক নগরীর ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশেমের ছেলে। তিনি রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের আপন ভাগনে। পুলিশ বলছে, রতন আত্মগোপনে থাকায় আনিকই গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আনিক ২০২২ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে তিনি পুনরায় কিশোর গ্যাংয়ের কার্যক্রমে যুক্ত হন বলে দাবি পুলিশের।
শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা, বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতার অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতেও কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এর কয়েক দিনের ব্যবধানে আবারও ২৫৪ জনকে আটকের ঘটনায় কুমিল্লায় কিশোর অপরাধ ও গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার হওয়ার বিষয়টি সামনে এসেছে।
সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর থেকেই নগরী ও জেলার বিভিন্ন এলাকায় কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডা ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন এলাকাগুলো চিহ্নিত করে অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।তবে আটক ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অপরাধের সংশ্লিষ্টতা এখনো প্রমাণিত হয়নি, তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, ব...