প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Sep 2026, 10:03 AM
বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
বাড়ির আঙিনা, ফলবাগানের নিচে কিংবা পড়ে থাকা পরিত্যক্ত জায়গা—এখন এসব জায়গাতেই বস্তায় আদা চাষ করে লাভের স্বপ্ন দেখছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃষকেরা। অল্প খরচে ও কম জায়গায় ভালো ফলন পাওয়ায় নতুন এই পদ্ধতিতে বাড়ছে কৃষকদের আগ্রহ। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বস্তা ও জিও ব্যাগে আদা চাষ ছড়িয়ে পড়েছে।
উপজেলার মাধবপুর, মিরপুর, মহালক্ষীপাড়া, বেজুরা, শশীদল, আশাবাড়ি ও চান্দলাসহ বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিতে বস্তা কিংবা জিও ব্যাগে আদা চাষ করেছেন কৃষক-কৃষাণীরা। তাঁদের অনেকেরই লক্ষ্য, নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আদা বাজারে বিক্রি করে আয় করা।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আলোছায়াঘেরা উঁচু জমি কিংবা বাগানের নিচের অংশ আদা চাষের জন্য বেশ উপযোগী। এ পদ্ধতিতে বড় কোনো জমির প্রয়োজন হয় না। বাড়ির আঙিনা বা অল্প জায়গায় বস্তা বসিয়েই করা যায় চাষ। প্রতিটি বস্তায় মাত্র ৫০ গ্রাম বীজ রোপণ করে ২ থেকে ৩ কেজি পর্যন্ত আদা পাওয়া সম্ভব। ফলে পরিবারের চাহিদা মেটানোর পর বাড়তি আদা বিক্রি করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
মাধবপুর গ্রামের কৃষাণী আয়শা আক্তার এবারই প্রথম বস্তায় আদা চাষ করেছেন। তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে ৫০ বস্তায় আদা চাষ করেছেন। আগে ওই জায়গায় কিছুই করতেন না। এবার গাছের অবস্থা ভালো। আশা করছেন, ফলন ভালো হলে লাভবান হবেন। লাভ হলে আগামী বছর আরও বেশি বস্তায় আদা চাষ করবেন।
মিরপুর গ্রামের কৃষাণী শরিফা বেগম বলেন, তিনি বিভিন্ন মৌসুমি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। এ বছর কৃষি কর্মকর্তাদের পরামর্শে নতুন করে আদা চাষ শুরু করেছেন। বস্তায় আদা চাষ করে ভালো লাভ করা সম্ভব বলে তিনি মনে করছেন। তাঁর আদার বাগান দেখে এলাকার অন্য কৃষকেরাও এ পদ্ধতিতে চাষে আগ্রহী হচ্ছেন। আগামীতে এ এলাকায় আদা চাষ আরও বাড়বে বলে আশা তাঁর।
মহালক্ষীপাড়া গ্রামের কৃষক মো. কুদ্দুছ মিয়া বলেন, তাঁদের এলাকায় আগে আদা চাষের প্রচলন ছিল না। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে প্রদর্শনী হিসেবে ৫০ বস্তায় আদা চাষ করেছেন। বাড়ির ফলবাগানের নিচের ছায়াযুক্ত জায়গায় এসব বস্তা রাখা হয়েছে। প্রতি বস্তায় খরচ হয়েছে ৪০ থেকে ৫০ টাকা। ফলন ভালো হলে এ চাষে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তিনি।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া আক্তার বলেন, বস্তায় আদা চাষ তুলনামূলক সহজ এবং খরচও কম। কৃষকদের বীজ, সার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কখন পানি দিতে হবে, কীভাবে সার প্রয়োগ করতে হবে এবং রোগ-পোকা নিয়ন্ত্রণের উপায়—এসব বিষয়ে কৃষকদের সরাসরি সহায়তা করা হচ্ছে। প্রথমবার এ পদ্ধতিতে চাষ করে অনেক কৃষক গাছের বৃদ্ধি দেখে উৎসাহিত হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, ব্রাহ্মণপাড়ায় আগে আদা আবাদের তেমন প্রচলন ছিল না। মসলার উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের বিনা মূল্যে বীজ, সার ও বস্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হচ্ছে কারিগরি সহায়তা।
তিনি বলেন, এ বছর উপজেলায় ৯ হেক্টর জমিতে আদা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০ হেক্টর জমিতে আদা আবাদ হয়েছে। আদা চাষে এ উপজেলায় দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। ২৩ জন কৃষককে ৫০টি করে মোট ১ হাজার ১৫০টি জিও ব্যাগে আদা চাষের ব্যবস্থা করা হয়েছে। এতে কৃষকেরা ব্যাপক উৎসাহ নিয়ে চাষাবাদ করেছেন।
আব্দুল মতিন আরও বলেন, ইতিমধ্যে বস্তায় চাষ করা আদার গাছে ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। প্রতিটি বস্তা থেকে গড়ে ৩ কেজি করে আদা পাওয়ার আশা করা হচ্ছে। কৃষকেরা সারা বছর নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আদা বিক্রি করে লাভবান হতে পারবেন। এ চাষে লাভের সম্ভাবনা দেখা দেওয়ায় উপজেলাজুড়ে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আগামী মৌসুমে বস্তায় আদা চাষ কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন তিনি।
কৃষকদের ভাষ্য, অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে বস্তায় আদা চাষ শুধু পরিবারের মসলার চাহিদাই মেটাচ্ছে না, তৈরি করছে বাড়তি আয়ের সুযোগও। তাই বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে কম খরচে এই চাষে যুক্ত হচ্ছেন আরও অনেকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...